বরগুনায় এ্যাম্বুলেন্সে করে ইয়াবা নিয়ে যাওয়ার সময় চার জনকে আটক করেছে পুলিশ। এসময় ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বরগুনার ২ নং গৌরিচন্না ইউনিয়নের নতুন বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ৮০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। এরা বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের একটি এ্যাম্বুলেন্সে করে ইয়াবা বহন করছিলো। এসময় এ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো-ছ ৭১০১৬৬) জব্দ করা হয়।
আটক হওয়া চারজন হলেন, ২নং গৌরীচন্না ইউনিয়নের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার সেরাজুল হকের ছেলে শহিদুল ইসলাম শুভ (২৬), একই এলাকার বাচ্চু খানের ছেলে আবদুল্লাহ খান (৪০), বরিশালের শেরে বাংলা রোড এলাকার হানিফ কাজীর ছেলে কাজী জুয়েল(৩৫) এবং বরিশালের ওয়াপদা কলোনী এলাকার চিত্তরঞ্জন সরকারের ছেলে দিপক সরকার (২৫)।
এবিষয়ে বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক বার্তা বাজারকে বলেন, এডিশনাল এসপি সদর সার্কেল বেতাগী থেকে বরগুনা আসছিল, এসময় তার গাড়ীর সামনে প্রবীন হিতৈষী সংঘ জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের একটা এ্যাম্বুলেন্স দেখতে পায়। পেছনে পুলিশের গাড়ী দেখে এ্যাম্বুলেন্সটি দ্রুত লাকুরতলার নতুন বাসস্ট্যান্ডে ডুকে গেলে পুলিশের সন্দেহ হয়। পরে এ্যাম্বুলেন্সটি তল্লাশী করে ৮০ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃত চারজনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
মেহেদী হাসান/বার্তা বাজার/এসজে