বিজয়ের ৫০ বছর উপলক্ষ্যে ‘বিজয় ৫০, উদযাপনে বাংলাদেশ’ শিরোনামে বছরব্যাপী তথ্যচিত্র প্রচার করবে স্পাইস টেলিভিশন লিমিটেড। এ বিষয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) চার তথ্যচিত্র উপস্থাপকের সঙ্গে সম্মতিপত্র স্বাক্ষর করেছে স্পাইস টিভি।
তথ্যচিত্রের চার উপস্থাপক হলেন; সঞ্চালক একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান, কথা সাহিত্যিক আনিসুল হক, শহীদ বুদ্ধিজীবী তনয়া অধ্যাপক ডা . নুজহাত চৌধুরী এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এম পি।
স্বাক্ষর অনুষ্ঠানে স্পাইস টেলিভিশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান ও সম্পাদকীয় প্রধান তুষার আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
তথ্যচিত্রে বিজয়ের ৫০ সুবর্ণ জয়ন্তীতে পৌঁছতে বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও অর্জন তুলে ধরার পাশাপাশি, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রাজনৈতিক নেতৃত্ব এবং বাংলাদেশ নামের স্বাধীন ভু-খন্ড নিয়ে তাঁর স্বপ্ন, কর্মপরিকল্পনার কথা তুলে ধরা হবে নতুন প্রজন্মের কাছে।
স্পাইস টেলিভিশন লিমিটেড আগামী ১৬ ডিসেম্বর পূর্ণাঙ্গ সম্প্রচারে আসার পরিকল্পনা নিয়েছে। অনুষ্ঠানটি ২০২২ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত নিয়মিত প্রচার হবে। এর আগে গত ৩০ জুলাই রাত ১টা ২০ মিনিটে দেশের ৩৭ তম টেলিভিশন হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে পরীক্ষামূলক সম্প্রচারে আসে ‘স্পাইস’।
২৮ জুলাই বাংলাদেশ স্যটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসএল)-এর সঙ্গে টেলিভিশনটির বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় বিএসসিএলের পক্ষ থেকে চুক্তি সই করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), মো. শফিকুল ইসলাম এবং স্পাইস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান।
স্পাইস টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান, এডিটর ইন চিফ তুষার আবদুল্লাহ (সময় টেলিভিশনের সাবেক হেড অব নিউজ)। স্পাইস টেলিভিশনের মালিক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। বাংলাদেশের ২৪ ঘণ্টার নিউজ ভিত্তিক টেলিভিশন চ্যানলেন সময় টিভিরও ৭৫ ভাগ মালিকানা রয়েছে সিটি গ্রুপের।
স্পাইস টেলিভিশনের ডাউনলিংক প্যারামিটার:
স্যাটেলাইট- বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১), ডাউনলিংক ফ্রিকোয়েন্সি- ৪৬৮০ মেগাহার্জ, সিম্বল রেট- ৩০০০০ কেএসপিএস, পোলারাইজেশন- হরাইজন্টাল, মড্যুলেশন- ৮ পিএসকে, এফইসি- ২/৩, কম্প্রেশন: এইচ ই ভি সি (এইচডি)।
শাহরিয়া/বার্তা বাজার/এস.আর