মায়ের মামলায় পলাতক ক্লোজআপ তারকা সাজু!

রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান তারকা সাজু আহমেদের হামলার শিকার হয়ে গুরুতর আহত তার মা রানীজান বেগম মামলা দায়ের করেছেন। আর দায়েরকৃত মামলায় আসামি করা হয়েছে সাজুকে।

মামলার বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান জানান, হত্যার উদ্দেশে হামলা ও গুরুতর জখম এনে রোববার অভিযুক্ত সাজুর বিরুদ্ধে তার মায়ের অভিযোগ পাওয়ার পর ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করা হয়। এরপর মামলা রেকর্ড করে অভিযুক্ত সাজুকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। বর্তমানে সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

এদিকে ছেলে হামলায় আহত হয়ে মাথায় জখম নিয়ে চতুর্থ দিনের মতো কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ভুক্তভোগী রানীজান বেগম। তার শারীরিক অবস্থা অনেকটা ভালো বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক পুলক কুমার সরকার।

ছেলের বিরুদ্ধে মামলার বিষয়ে জানতে চাইলে রানীজান বেগম বলেন,‘আমি সাজুর কঠিন শাস্তি চাই, ওর যেন জেল হয়’।

নিজের ছেলের এমন কর্মকে ভুল মনে করেন কি না এমন প্রশ্নে রানীজান বেগম বলেন, ‘একবার হলে ভুল মনে করতাম। কিন্তু সে বারবার আমাকে অপমান করে আসছে। আমার ছোট ছেলে এবং শিল্পী বলে এতোদিন কোনও অভিযোগ করিনি। আমি ওর শাস্তি চাই। ওর শাস্তি দেখে যেন ওর মতো অন্য ছেলেরাও সতর্ক হয়ে যায়।’

নিজের বিরুদ্ধে মায়ের ওপর হামলার অভিযোগ ও একই অভিযোগে মা বাদী হয়ে মামলা করলেও নিজের ফেসবুক আইডিতে অসুস্থ্য মায়ের জন্য দোয়া চেয়ে পোস্ট দিয়েছেন অভিযুক্ত সাজু আহমেদ। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে দেওয়া পোস্টে সাজু লিখেন, ‘আমার মা এর জন্য সবাই দোয়া করবেন প্লিজ’। একই সাথে সংশ্লিষ্ট ঘটনাগুলোকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন সাজু ।

এর আগে গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) জমিজমা সংক্রান্ত পারিবারিক কলহের জেরে ‘সাজুর ছোড়া ঢিলে’ মাথায় আঘাতপ্রাপ্ত হলে কপাল কেটে যায় তার মা রানীজান বেগমের। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার কপালে ৮টি সেলাই পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ‘প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমরা তাকে (সাজুকে) গ্রেফতারে চেষ্টা চালাচ্ছি।’

তবে মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে সোমবার বিকালে অভিযুক্ত তারকা সাজু আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাজু আহমেদ ২০০৮ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজিত রিয়ালিটি শো ক্লোজআপ ওয়ান তারকার দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন। তার বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে। ওই ইউনিয়নের তেলিপাড়ার আজগর আলী (মৃত) ও রানীজান বেগমের ছোট ছেলে সাজু।

সুজন মোহন্ত/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর