প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টর বইসহ হাতেনাতে পাঁচ দালালকে আটক করে জরিমানা আদায় করে প্রথমবারের মতো সতর্ক করে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৬ সেপ্টেম্বর) আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মনসুর আহমদ, তরাজ মিয়া, মহসিন, টিপু আহমদ ও মো. রমজান মিয়া।
এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম জানান, সবসময় অভিযোগ থাকে বিআরটিএ এবং পাসপোর্ট অফিসে দালালরা ঘুরাঘুরি করে। তাই আমরা র্যাবের একটি টিম সাথে নিয়ে অনেককে আটক করেছি।
এরমধ্যে ৫ জনের কাছে অনেকগুলো পাসপোর্ট পাওয়া গেছে, তাদের আটক করে প্রথমদিন হিসেবে ২ হাজার ৫ শত ২০ টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যতে এই ধরনের কাজ যেন না করে সেই শর্তারোপ করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমদ, অর্ণব মালাকার ও রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন র্যাব ৯-সিপিসি-২ শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার বসু দত্ত চাকমা।
বার্তা বাজার/এসজে