ভাঙনে বিলীন হচ্ছে সড়ক, সহস্রাধিক কৃষকের ভবিষ্যত অনিশ্চিত

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট-কালীবাড়ী ফিডার সড়কের অর্ধেক অংশ কুমার নদে বিলীন হয়ে গেছে। রোববার (০৫ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত সড়কটির এ অবস্থা হয়েছে। এখনও ভাঙ্গন পরিস্থিতির পরিবর্তন হয়নি। যে কোনো মুহুর্তে সড়কটির পুরো অংশ বিচ্ছিন্ন হয়ে একটি ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে।

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার টেকেরহাট-কালীবাড়ী ফিডার সড়কের গোয়ালবাথান নামক স্থানে প্রায় ১০০ মিটার পাঁকা সড়ক কুমার নদে বিলীন হওয়ার পথে রয়েছে। সড়কটির বেশিরভাগই নদীগর্ভে চলে গেছে। এমনকি অল্প সময়ের মধ্যে পুরো সড়কটি নদে বিলীন হয়ে যেতে পারে। সড়কটি পুরো বিলীন হয়ে গেলে বিদ্যানন্দী মাঠের হাজার হাজার একর জমির ধান নদের পানিতে তলিয়ে যেতে পারে।

এলাকাবাসীদের মধ্যে নারায়ন হালদার, ফেরদাউস, মিরুল, শহর আলীসহ অনেকেই জানিয়েছে, কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলণের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখনই এটা রোধ না করা হলে বিদ্যানন্দী মাঠের সকল ফসলী জমি নদের পানিতে ডুবে যাবে। আমরা ক্ষতিগ্রস্থ হয়ে যাব।

হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম জানান, ভাঙ্গন রোধে উপরস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে জরুরী ব্যবস্থা নেওয়া হবে।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান জানান, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে কথা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙ্গন রোধে জরুরী পদক্ষেপ নেওয়া হবে।

মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, বর্ষাকালে নদের ভাঙ্গনে কিছু ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এ ব্যাপারে জরুরী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও মাদারীপুরে নদ-নদীর ভাঙ্গন রোধে বড় প্রকল্প পাঠানো হয়েছে।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর