স্বামীর বিরুদ্ধে অত্যাচারিত স্ত্রীরা যৌতুকের মামলা করে এমন ঘটনা দেশে অহরহই ঘটে। তবে এবার স্ত্রীর নামে স্বামীর দায়ের করা যৌতুক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (০৬ সেপ্টেম্বর) ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালত থেকে এই আদেশ জারি করা হয়। পাশাপাশি বাদীর শ্বাশুড়ির বিরুদ্ধেও সমন জারি করা হয়েছে।
মামলার এজাহারে জানা যায়, গতবছরের ২৭ জুন প্রেম করে পারিবারিকভাবে বিয়ে হয় ফেনী পৌরসভার বারাহীপুরের খোকন মিয়ার ছেলে নুরুল ইসলামের ও জামালপুরের দেওয়ানগঞ্জের উত্তর কাঠাবিল এলাকার আবু সাইদের মেয়ে সালমার।
বিয়ের পর থেকেই সালমার নামে যৌতুক হিসেবে ১০ লাখ টাকা এফডিআর করে রাখার জন্য চাপ দেন নুরুল ইসলামের শ্বাশুড়ি ও স্ত্রী। এফডিআর না করলে একটি ফ্ল্যাট লিখে দেওয়ার দাবি করা হয়। এই দাবি না মানায় নুরুল ইসলামের ঘর থেকে ৫ ভরি স্বর্নের অলংকার নিয়ে বাবার বাড়ি চলে যান সালমা। সেখানে গিয়ে এফডিআর বা ফ্ল্যাট লিখে না দিলে নুরুল ইসলামকে তালাক দেওয়ার হুমকি দেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী নুরুল ইসলাম চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ফেনী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত তদন্তের জন্য নির্দেশ দেন ফেনী মডেল থানাকে। তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় সোমবার সালমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পাশাপাশি তার মা ফরিদার বিরুদ্ধেও সমন জারি করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শাহনুর আলম শাহিন।
বার্তা বাজার/এসজে