ফরিদপুরের মধুখালী পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের গোন্দারদিয়ার বাসিন্দা রিকশাচালক মালেক শেখ (৫৫) হত্যার ২৬ দিন পর রহস্য উদঘাটন হয়েছে। সেইসাথে এ হত্যার সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ইঞ্জিনচালিত রিকশার ব্যাটারি ছিনতাই করার জন্যই মালেক শেখকে হত্যা করা হয়েছে বলে সোমবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দৈবকনন্দপুর গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে আলমগীর শেখ (৪৩), চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে লিয়াকত বিশ্বাস (৩৪), মধুখালী পৌরসভার মেছড়দিয়া গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে আব্দুর রহমান (৩৫), ফরিদপুর সদরের ফতেপুর গ্রামের মৃত সুমন শেখের ছেলে মিলন শেখ (৩৩), রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী গ্রামের মৃত মোকছেদ বিশ্বাসের ছেলে কোরবান বিশ্বাস (৩০) ও পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার দিঘা গ্রামের মৃত আবুল কাশেম ঘরামীর ছেলে আব্দুল মান্নান ঘরামী (৫৫)।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, প্রতিদিনের ন্যায় গত ১১ আগস্ট রাতে তার রিকশা নিয়ে বের হয় মালেক শেখ। পরদিন তার মরদেহ রায়পুর ইউনিয়নের ব্যাসদি গ্রামে পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মধুখালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার পর পুলিশ তদন্তে নামে। তদন্তে পুলিশ জানতে পারে মধুখালী চিনিকল রোডে অবস্থিত একটি দোকানের সিসিটিভি ফুটেজে আসামিদের ছবি রয়েছে। এরই সূত্র ধরে পুলিশ আলমগীরকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে সবকিছু খুলে বলে।
এরপর পুলিশ প্রযুক্তির সহায়তা নিয়ে বিভিন্ন স্থান থেকে আরো ৫ জনকে আটক করে। আটককৃত আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত রিক্সাটিও উদ্ধার করা হয়েছে।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে