এই সরকার ক্ষমতায় থাকলে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলছেন, যারা মনে করেন আগামী নির্বাচন সুষ্ঠু করতে পারলে আমরা গণতন্ত্রের স্বাদ পাব, এই সরকার ক্ষমতায় থাকলে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন , ‘১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। এতদিন ধরে বন্ধ রাখলেন কেন? এতদিন পরে স্কুল-কলেজ খুলছে তাও বলছে সপ্তাহে একদিন মাত্র ক্লাস হবে। একদিন সবাই ক্লাস করবে। ক্লাস ওয়ান থেকে টেন, ইন্টারমিডিয়েট সবাই ক্লাস করবে। ওই দিন কি ভাইরাসরা ঘুমাবে? সপ্তাহে একদিন চালু থাকবে আর বাকি দিন বন্ধ করে দেওয়ার যুক্তি কী?’

সরকার বিশ্ববিদ্যালয় খুলতেই সাহস পাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, ‘কবে খুলবে বিশ্ববিদ্যালয়? মেডিকেল কলেজ যদি খোলা যায়, অফিস-আদালত যদি খোলা যায়, গার্মেন্টস খোলা যায়, বাস চলে তাহলে বিশ্ববিদ্যালয় খুলতে ভিসিদের বসতে হবে কেন?’

বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক ও তার প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ বক্তৃতা করেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর