টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান হযরত আলী কারাগারে

মারামারি মামলায় জামিন বাতিল করে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কালিহাতী, ধনবাড়ী আমলী আদালতের বিচারক শামসুল আলম তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে ট্রাকে লোড আনলোডের অস্থায়ী ষ্টেশন থেকে চাঁদা তোলা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুলি সর্দার আকবর আলীর সাথে গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদারের বিরোধ চলছিল।

সেই বিরোধকে কেন্দ্র করে গত বছরের ৬ অক্টোবর সকালে চেয়ারম্যানের নেতৃত্বে কুলি সর্দার মারধর করা হয়। পরে ওই দিন বিকেলে কুলি সর্দার আলী আকবরের ছোট ভাই আবু বক্কর বাদি হয়ে চেয়ারম্যান হযরত আলী তালুকদারকে প্রধান আসামী করে ২০ জনের নামে মামলা দায়ের করেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, মারামারি মামলায় মেডিকেল রিপোর্টের ভিত্তিতে গত বছরের ১৩ অক্টোবর থেকে চেয়ারম্যান হযরত আলী তালুকদার জামিনে ছিল।

সোমবার আদালতে হাজির হলে তার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর