আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম চালাচ্ছে: ফখরুল
ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘস্থায়ী করতে সরকারের পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী দল দমনের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৬ আগস্ট) দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাস মহামারির চলমান দুর্বিষহ অবস্থায় বর্তমান শাসকগোষ্ঠী মানুষের দুর্ভোগ লাঘবে সচেষ্ট না হয়ে বরং নিজেদের ক্ষমতাকে দীর্ঘ মেয়াদে আঁকড়ে থাকার লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুমের স্টিমরোলার অব্যাহত রেখেছে।
বিএনপি মহাসচিব বলেন, এরই অংশ হিসেবে শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে তাদের মনোবল ভেঙে দিতে সরকার দিনের পর দিন হিংস্র থেকে আরও হিংস্ররূপ ধারণ করছে। নেতাকর্মীদেরকে বিনা কারণে নানা কায়দায় শায়েস্তা করা যেন ফ্যাসিবাদী সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে।
শহিদুল হক হায়দারীর বিরুদ্ধে ‘ভুয়া ও ভিত্তিহীন’ অভিযোগে মামলা দায়ের এবং তাকেসহ তার পরিবারের সদস্যদের নাজেহাল করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার ও মুক্তির দাবি জানান তিনি।
বার্তা বাজার/নব