বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেই বিএনপির গাত্রদাহ হচ্ছে: কাদের
আর্থ-সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেই বিএনপির গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির শাসনামলে স্থিতিশীল সামষ্টিক অর্থনীতির সফল বাস্তবায়ন হয়েছিল বলে বিএনপি নেতাদের দাবি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটা সত্যি নয়। তাদের এ দাবি অন্যান্য বক্তব্যের মতোই অসত্য ও অন্তঃসারশূন্য।
বিএনপির শাসনামলে অর্থনৈতিক উন্নয়নে চরম স্থবিরতা ছিল উল্লেখ করে তিনি বলেন, বাজেট ছিল পরনির্ভর, ছিল না বাস্তবায়নে কোনো সক্ষমতা। বিএনপির উন্নয়ন নীতি ও কৌশল ছিলো ভ্রান্ত এবং গণবিরোধী।
উৎপাদন ব্যবস্থার মূল চালিকাশক্তি বিদ্যুৎ ব্যবস্থাকে বিএনপি ধ্বংস করে দিয়েছিল উল্লেখ করে কাদের বলেন, বিএনপির তথাকথিত উন্নয়নের দৃশ্য ছিল প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং। কেবল বিদ্যুৎখাত নিয়ে তুলনা করলেই বিএনপির দাম্ভিকতা চূর্ণ হয়ে যাবে।
বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের সময়ে সারের জন্য কৃষকদের প্রাণ দিতে হয়েছিল এটা নিশ্চয় তারা ভুলে যায়নি। এসব কি স্থিতিশীলনার নজির?
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ আজ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ক্ষয়িষ্ণু, মুখোশ পরা অর্থনীতির বিপরীতে টেকসই ও স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়ন আজ অদম্য গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশ আজ বিশ্ব অর্থনীতির বিস্ময়।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নবান্ধব নীতি ও কৌশলের কারণে ৪৮ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ অর্জিত হয়েছে। বর্তমানে মাথা পিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ ডলার।
বিএনপি নেতাদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিএনপির সময়কালে অর্থনৈতিক সূচকের পরিবর্তে যে সকল সূচকে তারা উন্নতি করেছিলো তা হচ্ছে- রাজনৈতিক নিপীড়ন, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন, মুদ্রাপাচার, সাম্প্রদায়িক শক্তির তোষণ ইত্যাদি। বিএনপি কল্যাণমুখী অর্থনীতির বিপরীতে প্রতিষ্ঠা করেছিলো লুটপাটের অর্থনীতি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশ আজ বিশ্বের সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে ইলিশ উৎপাদনে প্রথম ও আউটসোর্সিংয়ে দ্বিতীয় অবস্থানে, অন্যদিকে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, প্রবাসী আয়ে ৮ম, ধান উৎপাদনে ৪র্থ, পাট রপ্তানিতে প্রথম এবং উৎপাদনে দ্বিতীয়, মিঠাপানির মৎস্য উৎপাদনে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে।
দেশের অর্থনৈতিক অন্ধকার গহ্বর থেকে সমৃদ্ধির সোপানে উন্নীত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল অর্থনীতির মর্যাদায় অভিষিক্ত।
বার্তা বাজার/নব