কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে প্রায় দুই শতাধিক দোকান পুড়ে ছাই

ঢাকার কেরানীগঞ্জের পূর্ব আগানগর গুদারাঘাট এলাকার নুর সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ থেকে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গতকাল রোববার (৫ সেপ্টেম্বর) রাত ১১টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, বিদ্যুতের তারের সংস্পর্শে বিস্ফোরণ হলে একটি স্ফুলিঙ্গ অদিতি গার্মেন্টসের সিরাজের দোকানে গিয়ে পড়লে তাৎক্ষণিকভাবে দোকানে আগুন লেগে যায়। স্থানীয়রা দোকানের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কাপড়ের মার্কেট হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।তবে এ সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে ওই মার্কেটের ২ শতাধিক দোকান পুড়ে গেছে। এসব দোকানে কোটি কোটি টাকার তৈরি পোশাক ছিল। সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

নুর সুপার মার্কেটের ইত্যাদি ফ্যাশনের মালিক বিপ্লব হোসেন জানান, সন্ধ্যায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন। আগুনের খবর পেয়ে এসে দেখেন তার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তার মতো আরও প্রায় দুই শতাধিক ব্যবসায়ী পথে বসে গেছেন।

কেরানীগঞ্জ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সমিতির সভাপতি স্বাধীন শেখ জানান, করোনার ধকল সামাল দিতে মাত্র নব উদ্যমে দোকান খুলে নতুন করে পুঁজি সংগ্রহ করে দোকানদাররা আবার ব্যাবসা শুরু করেছিল,এর মধ্যে ভয়াবহ আগুনে সবকিছু কেড়ে নিল। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে করার চেষ্টা করছি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় জানান, আগুন লাগার খবর শুনে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

মার্কেটের গলি অনেক সরু থাকায় অগ্নিনির্বাপক কর্মীদের বেশ বেগ পেতে হয়েছে। তবে মার্কেটে নিজস্ব কোন অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে চাইলেও তাতে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

রানা আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর