করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৬৭ জনের।
গতকাল এ বিভাগে করোনায় দুইজনের মৃত্যু হয়েছিল। একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে প্রায় ছয়গুণ। গতকাল করোনা শনাক্ত হয়েছিল ১৪১ জনের।
সোমবার (৬ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় তিনজন, যশোরে তিনজন, কুষ্টিয়ায় তিনজন, নড়াইলে একজন ও ঝিনাইদহে একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় বাগেরহাট, মাগুরা, সাতক্ষীরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। খুলনা বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৭ জনের। মোট মারা গেছেন ৩ হাজার ৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬২৬ জন।
বার্তা বাজার/নব