কুমিল্লায় শ্বাসরোধ করে দম্পতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ( ৫ সেপ্টেম্বর) গভীর রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুবর্ণপুর মীরবাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের পুত্রবধূ শিউলী বেগমকে (২৫) জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিহতরা হলেন- উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর মীর বাড়ির পল্লী চিকিৎসক সৈয়দ বিলাল হোসেন (৭৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)।
পরিবার সূত্র জানায়, রোববার রাতে ১২ টা একদল দুর্বৃত্ত ডাক্তার সৈয়দ বিলাল হোসেনের ঘরে প্রবেশ করে। এ সময় দুবৃত্তরা স্বামী-স্ত্রী দুজনের হাত পা বেঁধে এক পর্যায়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করতে পারেননি পরিবারের সদস্যরা।
এ বিষয়ে পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাদের হত্যা করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনওয়ারুল আজিম বলেন, মধ্যরাতে ঘটনা শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ ছাড়াও সিআইডি, ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা রয়েছেন। এ ঘটনায় নিহতদের পুত্রবধূ শিউলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বার্তা বাজার/টি