এক রাতে ১৯ স্বর্ণের দোকানে ডাকাতি

ঢাকার সাভারের আশুলিয়ায় নয়ারহাট বাজারে ১৯টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে তিনটার দিকে সঙ্গবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে এসব দোকানের কর্মচারীদের আরেকটি দোকানে তালাবদ্ধ করে রেখে সিরিয়ালি দোকানগুলোতে ডাকাতি করে।

এঘটনায় স্বর্ণব্যবসায়ীদের প্রায় দেড় থেকে ২ শত ভরি স্বর্ণ ও স্বর্ণালংকার লুট হয়েছে বলে জানান দোকান মালিকগণ।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন ওর রশিদ। ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিন নয়ারহাট বাজারে গিয়ে পার্থ জুয়েলার্সের কর্মচারী সঞ্জয় দাস জানান, গতকাল রাত আনুমানিক রাত আড়াইটার দিকে আমি দোকানের ভিতরে ছিলাম।

এসময় বাইরে থেকে পুলিশ পরিচয় দিয়ে দোকানের সাটারে কয়েকজন আঘাত করে। দোকান খুললে কয়েকজন মুখোশধারী ও অস্ত্রধারী অস্ত্রের মুখে আমাদের দোকান থেকে স্বর্ণ ও স্বর্ণালংকার লুট করে। আমি সহ অন্য দোকানগুলোর কর্মচারীদের মজিদ স্টোর নামের আরেকটি মুদি দোকানে আটকে রাখে।

এব্যাপারে, ডাকাতি হওয়া দোকানের মালিক গৌরাঙ্গ বলেন, রাত ১ থেকে ২ টার দিকে তিনটি ইঞ্জিন চালিত নৌকায় করে প্রায় ৭০ থেকে ৮০ জন ডাকাত বাজারে প্রবেশ করেন।

এসময় তাদের হাতে বন্ধুক, পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। তারা সিকিউরিটি গার্ড ও বিভিন্ন দোকানের কর্মচারীদের ব্যাপক মারধর করতে থাকে। ভয়ে সিকিউরিটি গার্ড ও দোকানের কর্মচারীরা চিৎকারও দিতে পারে নি। ডাকাতরা একে একে ১৯ টি দোকানে ঢাকাতি করে প্রায় ১৫০ ভরি স্বর্ণ ও স্বর্ণালংকার লুট করে আবার ইঞ্জিনের নৌকা দিয়ে নদী পথে চলে যায়।

পুলিশ জানায়, বংশী নদীর তীরে আশুলিয়ার নয়ারহাটে স্বর্ণের ১৯ টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নৌপথে এসে ওই বাজারে ডাকাতি করেছে বলেও জানা গেছে। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সর্দার জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। স্বর্ণের দোকান মালিক সমিতি তাদের কি পরিমান স্বর্ণ লুট হয়েছে তা আমাদেরকে জানালে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর