চাঁদাবাজি: দুই ‘সাংবাদিকের’ বিরুদ্ধে ব্যবস্থা নিল প্রেসক্লাব

সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করার দায়ে মামলার আসামি হওয়ায় মো. লায়েকুজ্জামান ও আরিফুজ্জামান চাকলাদার আপেলের বিরুদ্ধে এবার শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাব।

 

রোববার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. এনামুল হক রুবেল স্বাক্ষরিত গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সদস্য মো. লায়েকুজ্জামানের বিরুদ্ধে গত ২০ আগস্ট তারিখে আলফাডাঙ্গা থানায় একটি চাঁদাবাজির মামলায় ২নং আসামী হওয়ার অভিযোগে প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বিধায় তার সাধারণ সদস্য পদটি সাময়িক ভাবে স্থগিত করা হলো এবং একই মামলায় আরিফুজ্জামান চাকলাদার আপেল ১নং আসামি হিসাবে কারাগারে থাকায় তার সদস্য পদের আবেদনটি খারিজ করা হলো।

আলফাডাঙ্গা প্রেসক্লাব থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি। ছবি- বার্তা বাজার

প্রেসক্লাব সূত্রে জানা যায়, এ ঘটনার পরপরই গত (২২ আগস্ট) প্রেসক্লাবে এক জরুরী সভা আহবান করে ৪ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। এরপর ২৩ আগস্ট উপ-কমিটি অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে উল্লেখিত ব্যবস্থা নেয়ার সুপারিশ করে। পরে গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধায় প্রেসক্লাব কার্যালয়ে সদস্যদের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

প্রসঙ্গত, চাঁদাবাজির অভিযোগ এনে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের মুনজুর সরদারের ছেলে মো. বিল্লাল সরদার আরিফুজ্জামান চাকলাদার আপেল ও মো. লায়েকুজ্জামান নামে দুই জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো দুইজনকে আসামী করে আলফাডাঙ্গা থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলা সদর বাজারের চৌরাস্তা নামক এলাকা থেকে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আরিফুজ্জামান চাকলাদার আপেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বর্তমান সে কারাগারে রয়েছেন। মামলার এজাহারভুক্ত ২য় আসামি মো. লায়েকুজ্জামান বর্তমান পলাতক রয়েছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর