অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। এটি ইউরোপের একটি ঐতিহাসিক শহর। সেখানে গিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বিশ্বের সবচেয়ে বড় সংসদীয় ফোরাম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) আয়োজনে তিনটি সম্মেলনে যোগ দিতে গিয়েছেন।
রোববার (৫ সেপ্টেম্বর) তিনি অস্ট্রিয়ারে রাজধানী ভিয়েনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ান পার্লামেন্টের সহযোগিতায় ৬-৮ সেপ্টেম্বর ২০২১ অস্ট্রিয়ার ভিয়েনায় সামিট এবং কনফারেন্সসমূহ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, রুমানা আলী এমপি এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি এ সামিট ও কনফারেন্সসমূহে অংশ নেবেন।
স্পিকারসহ সংসদীয় প্রতিনিধিদলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এসবি