শ্বশুরবাড়ি গিয়ে এক নিরাপত্তাকর্মী কোটিপতি বনে গেছেন। এক দিনে দুই লটারি জিতে রাতারাতি তিনি হয়ে গেলেন কোটিপতি।
পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় এ ঘটনাটি ঘটেছে।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্রীধর রুইদাস। নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করেন এক বেসরকারি সংস্থায়।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্বশুরবাড়ি এসে স্থানীয় বাজারে লটারির টিকিট কাটেন শ্রীধর। তিনি দুপুর দেড়টা নাগাদ জানতে পারেন, লটারির প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছেন। তবে তার পরও টিকিট কাটা থামাননি। বিকালে ফের টিকিট কাটেন। কাকতালীয় ভাবে তাতেও জেতেন কয়েক লাখ টাকা।
দুইবার লটারি প্রাপ্তিতে আনন্দে আত্মহারা হয়ে শ্বশুরবাড়ির সবাইকে খবরটি জানান জামাই। আস্তে আস্তে খবরটি ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।অবশেষে নিরাপত্তার অভাব বোধ করে জামুড়িয়া থানায় যান শ্রীধর। পুলিশ তার যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করবে বলে জানিয়েছে।
বার্তা বাজার/এসবি