ভারত ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় ব্যাকফুটে বাংলাদেশ। লিগের শেষ দুটি ম্যাচ জিতলেও বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকে। এমন অবস্থায় একটি ম্যাচ হেরে গেলেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হবে টাইগারদের। তাই জয় ছাড়া অন্য কোন কথা নেই টাইগার শিবিরে।
অন্যদিকে ভারত-বাংলাদেশের মধ্যকার জম্পেশ লড়াই দেখার জন্য মুখিয়ে আছে বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। ইদানীং ভারত বাংলাদেশ ম্যাচের জনপ্রিয়তা কোনও অংশে কম নয়। ভারত পাকিস্তান ম্যাচের মতোই এই ম্যাচেরও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আফগানিস্তানের বিপক্ষে কাফ-মাসলে চোট পান মাহমুদউল্লাহ রিয়াদ। এখনো সেরে ওঠেননি তিনি। তবে ম্যাচের আগের দিন অনুশীলন করেছেন মিস্টার কুল। সব ধরনের শট খেলার চেষ্টা করেছেন অভিজ্ঞ ব্যাটার। কিন্তু খুব একটা স্বস্তি পাননি। ফলে ফিজিওর কাছ থেকেও খেলার সবুজ সংকেত পাননি তিনি।
ইতিমধ্যে মাহমুদউল্লাহর বিকল্পও ঠিক করে রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। হার্ডহিটার সাব্বির রহমানকে খেলানোর চিন্তা করছে তারা। ব্যাটিংয়ের পাশাপাশি হাতটাও ঘোরাতে পারেন তিনি। অবশ্য মোহাম্মদ মিঠুনও আছেন পাইপলাইনে। তবে অলরাউন্ড সক্ষমতার কারণে সাব্বিরের খেলার সম্ভাবনা বেশি থাকছে।
দলে আরেকটি পরিবর্তন আসতে পারে। ছিটকে পড়তে পারেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টে বল হাতে খুব একটা সফল নন তিনি। এছাড়া ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন খুব ভালো খেলেন। সেই বিবেচনায় একাদশে ঢুকতে পারেন পেসার রুবেল হোসেন। মাঠের আয়তন ছোট হওয়ার কারণে তার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা প্রবল।
সম্ভাব্য পরিবর্তন এলে বাংলাদেশ একাদশ হতে পারে এরকমঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ/সাব্বির রহমান/মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ/রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।
বার্তাবাজার/এএস