সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় হামলা, আহত ৪

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে নোট বই বিক্রির টাকা চাইতে গিয়ে ইউপি সদস্যের স্ত্রী মেয়েসহ হামলার শিকার হয়েছে ৪ নারী। সোমবার রাত ৮ টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামে এ ঘটনা ঘটে। এতে মা মেয়েসহ ৪ জন আহত হয়। আহতরা হলো মুন্নি আক্তার (২০), সবুরা বেগম (৪৫), লাবনী আক্তার (১৮) ও ছাহেরা বেগম (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সুত্রে জানা যায়, ডোয়াইল ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলামের মেয়ে সদ্য এসএসসি পাশ করা লাবনী আক্তারের কাছ থেকে দশম শ্রেণীর এক সেট নোট বই ক্রয় করে একই এলাকার সাইফুল ইসলামের ছেলে শিপন মিয়া। নোট বইয়ের পাওনা টাকা চাইতে লাবনীর বড় বোন মুন্নি সাইফুলের বাড়িতে গেলে টাকা দিবেনা বলে তাকে গালাগালি শুরু করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুল ও তার দুই ছেলে মিলে মুন্নিকে চুল ধরে মাটিতে ফেলে দিয়ে বুকের উপর বসে গলা চেপে ধরে। এতে তার মা, বোন ও নানী বাধা দিলে তাদেরকে মারপিট করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, আমার স্ত্রী, দুই মেয়ে ও শ্বাশুড়ীকে সাইফুল ও তার ছেলেরা হত্যার উদ্দেশ্যে মারপিট করে গলা চেপে ধরে ছিলো। এ ঘটনায় থানায় মামলা করবো।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর