যুদ্ধ চাই না, তবে দেশকে রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না। আমরা শান্তি চাই। কারণ শান্তি ছাড়া একটি দেশের উন্নতি হয় না। যুদ্ধ কেবলই ধ্বংস ডেকে আনে। আমরা ধ্বংসের দিকে যেতে চাই না। তবে কেই যদি আক্রমণ করে তাহলে দেশ রক্ষার জন্য প্রস্তুত থাকবে হবে।

রোববার (৫ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের নৌবাহিনী এবং বিমানবাহিনী সদরদপ্তরে অনুষ্ঠিত নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ (প্রথম পর্ব) ২০২১ সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সবসময় সকল দিক দিয়ে আমাদের যতটুকু ক্ষমতা রয়েছে এর মধ্য দিয়ে আমাদের সেভাবে প্রশিক্ষণ অব্যাহত রাখতে হবে এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন হতে হবে।

সরকারপ্রধান বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। বিশ্ব এগিয়ে যাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসছে, বর্তমান বিশ্ব হয়ে যাচ্ছে প্রযুক্তি নির্ভর। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেন আমরা চলতে পারি সেই প্রস্তুতিও আমাদের থাকতে হবে।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। আমি এইটুকু বলতে পারি, আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমাদের দেশের সার্বিক উন্নয়নে যার কাছ থেকে যতটুকু সহযোগিতা নেওয়া দরকার বা আমাদের উন্নয়ন সহযোগী যারা হবে সকলের সঙ্গে একটা ভালো সদভাব রেখে, ভালো সম্পর্ক রেখে আমরা কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যারা দক্ষ তারা পদোন্নতি পেয়ে প্রত্যেকটি বাহিনী পরিচালনার দায়িত্ব পাবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ এবং পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে। আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর