লাশ ছাড়া কবর দাবি করা প্রতারণা ও অনৈসলামিক কাজ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কারো লাশ না থাকা সত্ত্বেও সে স্থানকে তার কবর বলে চালিয়ে দেওয়া জনগণের সাথে প্রতারণা ও অত্যন্ত অনৈসলামিক কাজ। যেটি বিএনপি করছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সরকারি সফরে ভারতের নয়াদিল্লীর পথে রওনা হওয়ার আগে মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

জাতীয় সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবর নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, এ ব্যাপারে শনিবারও সংসদে আলোচনা হয়েছে। কারো কবর না থাকলেও তার কবর বলে চালিয়ে দেওয়া জনগণের সাথে প্রতারণা এবং অনৈসলামিক কাজ, যা বিএনপি করছে।

তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের লাশ কেউ দেখে নাই, তখনকার পত্রিকার কাটিং আমার মোবাইল ফোনেই আছে এবং পত্রিকায় লিখেছে কেউ জিয়ার লাশ দেখে নাই। তারেক রহমান লাশ দেখার জন্য অনেক মিনতি করেছিল। কিন্তু তাকে লাশ দেখানো হয় নাই, খালেদা জিয়াও দেখেন নাই, কেউ দেখে নাই।

তিনি বলেন, রাঙ্গুনিয়ায় যে প্রথম কবর দেওয়া হয়েছিল বলা হচ্ছে, সেই কবর থেকে লাশ উত্তোলনের সাক্ষী তখনকার চেয়ারম্যান জহির এখনো বেঁচে আছেন। তিনি বলেছেন, লাশ তোলা হয়েছিল, কিন্তু আমরা জিয়ার লাশ দেখিনি। আসলে তারা পুরোপুরি মিথ্যার ওপর দাঁড়িয়ে রাজনীতি করছে।

এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, এটার বিচার জনগণই করবে। আর তারা যেহেতু সেখানে লাশ আছে বলে দাবি করছে তাহলে প্রমাণ করুক। তারা সে পথে হাঁটে না বরং আগে বিশেষ বিশেষ দিনে তারা সেখানে যেতো এখন প্রতি সপ্তাহে কারণে-অকারণে যায় এবং মাঝে মধ্যে মারামারি করে।

সরকারের বিরুদ্ধে গণঐক্য গড়তে বিএনপি’র আহ্বানের জবাবে তিনি আরও বলেন, তাদের ঐক্য তো সবসময় জঙ্গি-জামায়াত-মৌলবাদী গোষ্ঠীর সাথে যারা দেশটাকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়। তাদের এই ঐক্য সবসময়ই ছিল, এখনো আছে। এতে কোনো রাখঢাক নাই। জাফরুল্লাহ সাহেব তালেবানদের কাবুল দখলের পর যে বক্তব্য দিয়েছেন, সেটিই হচ্ছে বিএনপি’র অন্তর্নিহিত বক্তব্য।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর