১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
তিনি বলেন, সকল ক্ষেত্রে এখন টিকার সর্বোচ্চ বয়সসীমা ১৮ বছরের বেশি। জাতীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের আমরা টিকার আওতায় আনছি।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ফাইজার ও মর্ডানার টিকা দেওয়া হতে পারে। গতকাল শনিবার (৪ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে এ কথা বলেছিলেন তিনি।
সে সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৮ বছরের বেশি যাদের বয়স তাদের যেকোনো টিকা দেওয়া যাবে। আর ১৮ বছরের কম বয়সীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দেশের নির্দেশনা দেখে ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হতে পারে।
তিনি বলেন, অন্যান্য দেশে ১২ বছরের বেশি বয়সীদের যেভাবে টিকা দেওয়া হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে শিশুদের মর্ডানা ও ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। আমরা এটি অনুসরণ করতে পারি।
এদিকে শিশুদের কীভাবে টিকার আওতায় আনা হবে সে বিষয়ে আজ রোববার (৫ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছিলেন মন্ত্রী।
বার্তা বাজার/নব