কক্সবাজার টেকনাফে চিপসের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে হাবিবুর রহমান ওরফে হাবিব (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে হ্নীলা ইউনিয়নের উলু চামুরী রসুলাবাদ এলাকার মৃত ছবিউর রহমানের ছেলে। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ওই এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের রাসুলাবাদ (হামজার ছড়া) এলাকার অটোরিকশা গ্যারেজের পাশে খেলা করছিল শিশুটি। এসময় শিশুটিকে চিপস কেনার জন্য ১০ টাকা দিয়ে ফুসলিয়ে অটোরিকশার উপরে তুলে হাবিব নামের এক ব্যক্তি ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটির চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ঘটনা স্থলে এসে বিষয়টি পুলিশকে জানায়।
রাত ৯টার দিকে টেকনাফ থানা পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়দের সহায়তায় আটক করে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য নিয়ে যায়।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বার্তা বাজার’কে জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেলে পাঠানো হয়েছে।
আটককৃত ব্যক্তিকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
বার্তা বাজার/টি