করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তিন মাসের মধ্যে এ বিভাগে এটিই সর্বনিম্ন মৃত্যু। গতকাল খুলনা বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ১৪১ জনের। গতকাল করোনা শনাক্ত হয়েছিল ৮৫ জনের।
রোববার (৫ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা ও যশোরে একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া, বাগেরহাট, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। খুলনা বিভাগে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৭৩০ জনের। মোট মারা গেছেন ৩ হাজার ৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৩৪ জন।
বার্তা বাজার/নব