কোম্পানীগঞ্জে থমথমে অবস্থা, কঠোর অবস্থানে প্রশাসন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির ঘটনায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ রবিবার সকালে দেখা যায়, ১৪৪ ধারা জারির কারণে মুছাপুর ইউনিয়নের রংমালা বাজারে কার্যত অঘোষিত হরতাল চলছে। বেশির ভাগ দোকানপাট খোলেনি। সাধারণ লোকজনের উপস্থিতি অনেক কম। গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনাস্থল থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম জানান, রংমালা বাজার থেকে পাঁচ কিলোমিটার এলাকায় র‍্যাব ও পুলিশের টহল চলমান এবং সর্তক অবস্থানে রয়েছে। এ ছাড়া আমি ঘটনাস্থলেই রয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল থেকে রংমালা বাজারে পুলিশের কঠোর টহল রয়েছে। এ ছাড়া শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর বলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জুর উপজেলার রংমালা বাজারে রোববার পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং জনগণের জানমালের নিরাপত্তায় বাজারের চারদিকে পাঁচ বর্গকিলোমিটার এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর