বোমা বিস্ফোরণ মামলায় হাজিরা দেওয়ার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে আজ খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হবে।
রোববার (৫ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা কারাগারের সুপার মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এজন্য আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
২০১৩ সালে সোনাডাঙ্গা থানায় এ মামলাটি দায়ের করা হয়। এ মামলায় হাজিরার জন্য শুক্রবার (৩ সেপ্টেম্বর) মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে খুলনায় আনা হয়।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৪টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, গ্রেফতার করা যুদ্ধাপরাধীদের মুক্তি ও সরকার বিরোধী শ্লোগান দিয়ে জামায়েতে ইসলামী, বিএনপি ও হেফাজতে ইসলামীসহ ১২ দলের প্রায় ৩ হাজার মানুষ মিছিল বের করে। মিছিলটি নগরীর ডাকবাংলা ও ময়লাপোতা মোড় হয়ে শিববাড়ি মোড়ে গণজাগরণ মঞ্চের দিকে যাচ্ছিল।
মিছিলটি ফুজি কালার ল্যাবের সামনে পৌঁছালে পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় অংশগ্রহণকারীরা মিছিলের মধ্য থেকে পুলিশের ওপর ককটেল বোমা ও গুলি নিক্ষেপ করতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে ২০ রাউন্ড ফাঁকা গুলি করে। নিক্ষিপ্ত বোমার আঘাতে কিছু পুলিশ আহত হয়। সে সময় তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছত্রভঙ্গ হয়ে গেলে সেখান থেকে ২৬ জনকে গ্রেফতার করা হয়।
ওই ঘটনায় ওই বছরের ২২ ফেব্রুয়ারি উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবীর বাদী হয়ে খুলনা জেলা ইমাম পরিষদের কয়েকজন নেতা ও হেফাজত ইসলামীর নেতা মাওলানা মামুনুল হকসহ ২৬ জনের নামে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন, যার নং ২৩।
চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, ওই ঘটনার আগের দিন ময়লাপোতা মসজিদ মোড়ে ওয়াজ করার সময় মামুনুল হকসহ অন্যান্যরা সংগঠিত হয়ে পুলিশের ওপর হামলা ও গণজাগরণ মঞ্চ ভাঙচুরসহ পুড়িয়ে দেওয়ার জন্য অনুসারিদের নির্দেশ দেন।
তদন্ত শেষে ২০১৫ সালের ২১ এপ্রিল মোট ১০৭ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোক্তার হোসেন।
বার্তা বাজার/নব