নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে দেয়া হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের কর্মসূচি ঘিরে শনিবার দিনব্যাপী রংমালা বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন ।
জিয়াউল হক মীর জানান,‘দু’পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে রংমালা বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই বাজারের আশপাশের ৫ বর্গকিলোমিটার এলাকা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। ’
১৪৪ ধারা জারিকৃত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।
জানা গেছে, উপজেলার রংমালা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা পরিচালনা কমিটি থেকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলকে সভাপতির পদ থেকে সরিয়ে নেয়া হয়। এরপরে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুকে কমিটির আহ্বায়ক করায় রোববার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিবাদ সভা ডাকেন কাদের মির্জা।
অন্যদিকে ওই মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুনকে অপমান করার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একই সময় একই স্থানে প্রতিবাদ সমাবেশের ডাক দেন মাহবুব রশিদ মঞ্জু। তাদের উভয় পক্ষের পাল্টাপাল্টি এ কর্মসূচি ঘিরে শনিবার দিনব্যাপী রংমালা বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।
এদিকে, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে রংমালা বাজারে ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে শোডাউন করে কাদের মির্জার অনুসারীরা। পরে বিকাল ৫টার দিকে একই বাজারে প্রতিবাদ সভাকে স্বাগত জানিয়ে মিছিল করে মাহবুব রশিদ মঞ্জুর অনুসারীরা। এতে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
বার্ত বাজার/এসবি