ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে গেলেন স্বামী নবী হোসেন।
শনিবার (৪ সেপ্টেম্বর) মমেক হাসপাতালে মারা যান শারমিন (২২) নামের গৃহবধূ।
স্থানীয় এলাকাবাসী জানান, দেওয়ানগঞ্জ উপজেলার বাশতলী এলাকার আব্দুস সামাদের মেয়ে শারমিনের সঙ্গে বকশীগঞ্জ উপজেলার আলী মাহামুদের ছেলে নবী হোসেনের বিয়ে হয় প্রায় দু’বছর আগে। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক কলহ শুরু হয়। পারিবারিক কলহের জেরে গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ ঘরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শারমিন।
শ্বশুর-শাশুড়িসহ আত্মীয়-স্বজন এ ঘটনা দেখতে পেয়ে শারমিনকে উদ্ধার করে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার আরও অবনতি হলে শারমিনকে মমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর পর পরই স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখেই পালিয়ে যান স্বামী নবী হোসেন।
এদিকে,গৃহবধূর এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নবী হোসেন বাড়িতে হামলা ও তার বাবা-মাকে আটক করে রাখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবী হোসেনের বাবা-মাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট সাংবাদিকদের জানান, ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/এসবি