মসজিদে মানতের মাংস ভাগাভাগিকে নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কবির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঐতিহ্যবাহী ঝাউদিয়া শাহী মসজিদে স্থানীয় মুরাদ চৌধুরী ও আসাদ চৌধুরী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের ঘটনা দুই গ্রুপের প্রধান মুরাদ চৌধুরী, আসাদ চৌধুরীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন।
ওসি মোস্তাফিজুর রহমান রতন জানান, মসজিদের মানতের মাংস ভাগাভাগিকে নিয়ে গত কয়েক দিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। শনিবার চুয়াডাঙ্গার দর্শনা এলাকা থেকে কয়েকজন ঝাউদিয়া শাহী মসজিদে আসেন। তারা মানত হিসেবে মসজিদে একটি খাসি প্রদান করেন। এই খাসির মাংস ভাগাভাগিকে নিয়ে স্থানীয় আসাদ চৌধুরী ও মুরাদ চৌধুরী গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে লাঠির আঘাতে কবির খান নামে এক যুবক নিহত হন। এর পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস জানান, ‘ঝাউদিয়া শাহী মসজিদে মানতের খাসির মাংস নিয়ে ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ একজন নিহত হয়েছেন। নিহত কবির হোসেন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি তিনি বিদেশ থেকে এলাকায় এসেছিলেন।’
প্রসঙ্গত, কুষ্টিয়া জেলা সদরের ঝাউদিয়া এলাকায় মসজিদটি অবস্থিত ঘল আমলে নির্মিত ঝাউদিয়া শাহী মসজিদ। এটি দেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই মসজিদটি নির্মাণে ইট, পাথর, বালু ও চিনামাটি ব্যবহার করা হয়েছে। ঐতিহাসিক এ মসজিদে প্রতিদিন দেশের দূর দূরান্ত থেকে বহু মানুষ দর্শন করার জন্য আসেন। এখানে এসে খাস দিলে কোন কিছু চাইলে তা পূরণ হয় এ রকম ধারণা থেকে দর্শনার্থীদের অনেকেই নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, হাঁস-মুরগী, গরু-ছাগলসহ অনেক কিছুই মানত করে থাকেন। এই মানতের টাকা পয়সার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে ইতোপূর্বে অনেক বার সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বার্তা বাজার/এসবি