নৌভ্রমণের নামে অশ্লীলতা প্রতিরোধে পুলিশী তৎপরতা বৃদ্ধি
নৌকা ভ্রমণে আনন্দের নামে অশ্লীলতা ও মাদক সেবন প্রতিরোধে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে গড়াই নদী সংলগ্ন গড়াই ইকো পার্কে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট।
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সরেজমিন ইকো পার্কে দায়িত্বরত কুমারখালী থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) মোঃ কামাল বলেন, নৌকা ভ্রমণে আনন্দের নামে গড়াই নদীতে ডিজে সাউন্ডের তালেতালে অশ্লীর নৃত্য ও মাদক সেবন করা হয়। এমন সংবাদ প্রচার ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইকো পার্ক এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।
বর্ষা মৌসুম আসলেই কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই ও পদ্মা নদীতে দেখা মিলে নৌকা ভ্রমণের দৃশ্য। এসময় প্রতিদিনই ছোট বড় অসংখ্য ভ্রমণ নৌকা চলে নদীতে। কিন্তু নৌকা ভ্রমণের নামে নদীতে বাজানো হয় অতিরিক্ত শব্দে ডিজে সাউন্ড বক্স।

হিন্দি ও ডিজে গানের তালেতালে চলে অশ্লীল নৃত্য, অসামাজিক কার্যকালাপ ও মাদক সেবন। এতে নারী, পুরুষ, হিজড়া ও শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। তবে এবিষয়ে প্রশাসনের কোন অভিযান বা তৎপরতা দেখা যায়নি।
ফলে নৌকা ভ্রমণের নামে অপসাংস্কৃতি চর্চা, শব্দ দূষণ, মাদকের উপদ্রব বৃদ্ধি, ধর্ষণ ও যৌণপীড়নের শিকার, ভয়াবহ নৌকা দুর্ঘটনাসহ নানান অভিযোগ নদী পাড়ের বাসিন্দা ও স্থানীয় সচেতন ব্যক্তিদের। নৌকা ভ্রমণের নামে অশ্লীলতা নজরে আসে এবং শনিবার (০৪ সেপ্টম্বর) থেকে নদী এলাকায় পুলিশের নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নদীপাড়ের একাধিক ব্যক্তি বলেন, নৌকা ভ্রমণের নামে চলে নানান অসামাজিক কার্যকালাপ। দিনেরাতে মাত্রাতিরিক্ত শব্দে সাউন্ড বক্স চালিয়ে চলে নৌকা। দেখা যায় কথিত নর্তকী, যৌনকর্মি ও হিজরাদের অশ্লীল নৃত্য। মূলত মোটা অংকের টাকায় তাঁরা এ নৃত্য করেন।
তাঁরা আরো বলেন, দিনে নৃত্যের মাধ্যমে ‘আনন্দ’ দিলেও রাতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয় অনেকেই। যেকোন সময় ধর্ষণ, যৌণপীড়ন, নৌকাডুবি, হানাহানিসহ নানান অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
এবিষয়ে কুমারখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম রফিক বলেন, কিছু উঠতি বয়সি ছেলে – মেয়েরা ভ্রমণের নামে অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকালাপ চালায়। নজরদারী বৃদ্ধি করায় থানা পুলিশকে ধন্যবাদ।
কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, নৌপথে অভিযানের জন্য নৌপুলিশ রয়েছে। তবুও বিষয়টি পত্রিকায় প্রকাশিত হওয়ায় নদীতে পুলিশী তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
মোশারফ হোসেন/বার্তা বাজার/এসজে