রাজশাহী নগরীর অদূরে অবস্থিত অনুন্নত চরমাজারদিয়াড়ের ভাঙ্গনের শিকার অসহায় মানুষ ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ উন্নয়ণ কাজের উদ্বোধন করেছে-রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
বিট পুলিশিং সভায় পুলিশের আইনগত সহায়তা বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ৩০০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় পুলিশ কমিশনার বলেন, আরএমপি’র নিকট রাজশাহী মহানগরবাসীর অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়া হচ্ছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সম্পূর্ণ ভিন্ন পন্থায় প্রযুক্তি নির্ভর পুলিশি সেবা দিয়ে যাচ্ছে। তাই আজ রাজশাহী নিরাপদ নগরী হয়েছে। পাশাপাশি নগরবাসীর জন্য আরএমপি বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জনপ্রতিনিধি ও স্থানীয় জনসাধারণদের সহায়তায় সকলে মিলে আরো ভালো পুলিশিং উপহার দেয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এসময় তিনি চরমাজারদিয়াড় গ্রামের প্রায় দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণের ব্যবস্থা করবেন মর্মে গ্রামবাসীকে আশ্বস্ত করেন। শেষে প্রধান অতিথি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক চরমাজারদিয়াড় মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ আরএমপির উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
মাহাবুল ইসলাম/বার্তা বাজার/এসজে