ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৩ কেজি গাঁজা, ৪৫৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ১০ বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বিজিবির সদস্যদের সহায়তায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা তাদেরকে আটক করে।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার আনোয়ারপুর গ্রামের একটি লিচু বাগানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন আনোয়ারপুর গ্রামের মোঃ নাছির উদ্দিন-(৫৫), একই এলাকার মোঃ এমরান ভূইয়া-(৩২), মোঃ শুক্কুর মিয়া-(২৫), মোঃ মোক্তার হোসেন-(২৩), মোঃ গালিব মিয়া-(২৬) ও উপজেলার কুড়িপাইকা গ্রামের মোঃ ইমন মিয়া-(২৪)।
শনিবার (০৪ সেপ্টেম্বর) জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় আখাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সহায়তায় শুক্রবার রাতে তাদেরকে আটক গ্রেপ্তার করা হয়।
রাসেল আহমেদ/বার্তা বাজার/এসজে