সরকারি চাকরিজীবী নারী-পুরুষের বিয়ে বন্ধের দাবি সংসদে

চাকরিজীবী নারী ও পুরুষের মধ্যে বিয়ে বন্ধে আইন পাসের প্রস্তাব করেছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। শনিবার (০৪ সেপ্টেম্বর) সংসদীয় আসন সীমানা নির্ধারণে নতুন আইন পাসের প্রক্রিয়ায় আলোচনায় দাঁড়িয়ে তিনি এই দাবি জানান।

এমপি বাবলু আইনমন্ত্রীর কাছে প্রস্তাব করে বলেন, এম একটা আইন করা দরকার যাতে দুজন সরকারি চাকরিজীবী বিয়ে করতে না পারে। এতে বেকার সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, চাকরিজীবী দম্পতি একসঙ্গে কাজ করতে বাইরে গেলে সন্তান গৃহকর্মীর হাতে নির্যাতন হয়। এজন্য আইনটি দরকার। এতে শিশু নির্যাতনও কমবে।

স্বতন্ত্র ও আলোচিত এই সংসদ সদস্য আরও বলেন, চাকরিজীবী পুরুষ যাতে চাকরিজীবী নারীকে বিয়ে করতে না পারে কিংবা চাকরিজীবী নারী যাতে চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে না পারে, এরকম একটা আইন করা দরকার। এতে বেকার সমস্যার সমাধান হবে।

তবে এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এরকম প্রস্তাব নিয়ে আমি এখান থেকে দুই কদমও হাঁটতে পারব না। আমি জনপ্রতিনিধি। বাক স্বাধীনতা আছে। তিনি (বাবলু) স্বাধীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারেন। আমি যা ইচ্ছা তাই করতে পারি না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর