ফেসবুকে হা হা রিঅ্যাক্ট: ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম

রাজধানীর ধামরাইয়ে ফেসবুক পোষ্টে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় জেলা ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। ছাত্রলীগ নেতা অভিযোগ করে , এসময় তার মা-বাবা ও বড় ভাইকে মারধর করে আহত করেছে বখাটেরা। আহত ছাত্রলীগ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই থানার নতুন দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে এঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রলীগ নেতার বাবা বিমল দাস।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে এ বিষয়টি জানিয়েছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আহত সজীব দাস সজল এটি নিশ্চিত করেছেন ছাত্রলীগের ঢাকা জেলার সভাপতি সাইদুল ইসলাম।

ভুক্তভোগী ছাত্রলীগ নেতা সজীব দাস সজল বলেন, ‘গতকাল আমার বাসার সামনে আমার কর্মী নাজমুলকে মারধর করতে দেখে আমি বাধা দেই। তখন জানতে পারি, ফেসবুক গ্রুপের কোনো এক পোস্টে নাজমুল হাহা রিঅ্যাক্ট দিয়েছিলো। এটা নিয়েই বিতর্কের জেরে নাজমুলকে মারধর করছিলো রিপনসহ কয়েকজন। পরে আমি ওদের মিলিয়ে দেই। বিষয়টা নিয়ে আবারও এলাকায় মিমাংসা করা হয়। কিন্তু আজ দুপুরে আমার ভাইকে বাড়ির পাশেই রাস্তায় মারধর করতে থাকেন রিপন, হালিম, সেলিমসহ কয়েকজন বখাটে। এরপর বাবা, মা ও আমি বাধা দিতে গেলে আমাদের মারধর করে বখাটেরা। এসময় আমার মাথায় রড দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। লাঞ্ছিত করা হয় মা-বাবাকে। পরে আমাদের চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে আমাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।’

সজল আরও বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে আমাকে টার্গেট করেই মারা হয়েছে।’

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, দু’পক্ষের ঝামেলায় ছাত্রলীগ নেতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে বিবাদীদের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ দিয়েছে। আগামীকাল বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর