ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে পাশের চাতালকলের মাঠে আছড়ে পড়ে ১২ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (০৪ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বগইর বাস স্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে কুট্টাপাড়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম জানান, সিলেট থেকে ঢাকাগামী আল মোবারাকা পরিবহনের বাসটি বগইর বাসস্ট্যান্ডে পৌঁছলে একটি মোটরসাইকেল আচমকা এর সামনে এসে যায়। তখন সেটিকে রক্ষা করতে বাসটি একটি চাতালকলের মাঠে আছড়ে পড়ে।
তিনি আরও জানান, এসময় বাসে থাকা অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
বার্তা বাজার/এসজে