আলফাডাঙ্গায় নদী ভাঙন ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলো পুলিশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী ভাঙ্গন তিন শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার বাজড়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সমবেত ক্ষতিগ্রস্থদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন, ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম)।

এ সময় আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন কর, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, গোপালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরী বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, সাধারণ সম্পাদক মো. ফরিদউদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, নদী ভাঙ্গনে শিকার নিঃস্ব পরিবারগুলোর ক্ষতি পুষিয়ে ওঠা সময়সাপেক্ষ এবং কষ্টকর। বিষয়টি বিবেচনা করে ফরিদপুরের পুলিশ বিভাগ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নদী পথ ফিরিয়ে আনার জন্য সরকারের বিভিন্ন বিভাগকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। আশা করা যায় নদী ভাঙ্গন সম্পূর্ণরুপে রোধ করা সম্ভব হবে।

পরে পুলিশ সুপার আলিমুজ্জামান সরেজমিনে ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং পাউবোর অস্থায়ী ভিত্তিতে ভাঙ্গনরোধে গৃহিত কাজের মান তদারকি করেন।

পাউবোর ফরিদপুরের নির্বাহী প্রকোশলী পার্থ প্রতিম সাহা জানান, চলতি বর্ষা মৌসুমে গত এক মাস আগে থেকে মধুমতি নদীতে ভাঙ্গন শুরু হয়।

পনের দিন আগে থেকে বালিভর্তি জিওব্যাগ ফেলে ভাঙ্গনরোধে অস্থায়ী ভিত্তিতে কাজ চলছে। গত পাঁচ বছর যাবত এই ভাঙ্গন চলছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী জানান, স্থায়ীবাঁধ নির্মাণ করে ভাঙ্গনরোধের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর