গৃহবধূকে ধর্ষণে ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দিতে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আমজাদ হোসেন (৫০) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আমজাদ হোসেন উপজেলার কামালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক গৃহবধূর স্বামী মানসিক প্রতিবন্ধী হওয়ার সুযোগ নিয়ে তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন আমজাদ। এক পর্যায়ে ৪ আগস্ট ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে তার বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ওই গৃহবধূ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মামলার পর অপরাধীকে ধরতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের গোয়েন্দা দল ও কয়েকটি আভিযানিক দল। এক পর্যায়ে গোপন সাংবাদের ভিত্তিতে শহরের সাতমাথা এলাকা থেকে আমজাদকে গ্রেফতার করা সম্ভব হয়।

বগুড়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন বলেন, ঘটনার পর থেকেই বিভিন্ন জেলায় আত্মগোপন করে ছিলেন অভিযুক্ত আমজাদ হোসেন। তার বিরুদ্ধে এলাকার জনসাধারণের আরও অনেক অভিযোগ রয়েছে। আমজাদ হোসেনকে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর