ঢাকার সাভারের আশুলিয়ায় ছাঁটাই করা শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ছাড়া আরও সাতটি দাবি নিয়ে একটি কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার এনার্জি প্যাক লিমিটেডের শ্রমিকরা এ অবস্থান কর্মসূচি পালন করেন।
এ ব্যাপারে শ্রমিকরা জানায়, তাদের কিছু শ্রমিক বেতন বাড়ানো জন্য উর্ধতন কর্মকর্তা ও মালিকের সাথে যোগাযোগ করে। পরে গত ৫ আগস্ট শ্রমিকদের চিহ্নিত করে করে প্রায় ৮৪ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। শনিবার এই ছাঁটাই শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবি ছাড়াও আরও সাতটি দাবি নিয়ে আন্দোলনে নেমেছে তারা।
তাদের দাবিগুলো হলো, বাৎসরিক ইক্রিমেন্ট প্রদান, ওভারটাইম বিল প্রতি মাসেরটা প্রতি মাসে পরিশোধ করতে হবে, যত বকেয়া ওভারটাইম, সাইড বিল, প্রোডাকশন বোনাস- এসব পরিশোধ করতে হবে, বাৎসরিক ছুটির টাকা ও বকেয়া ছুটির টাকা পরিশোধ করতে হবে, মাসিক প্রোডাকশন বোনাস যথাযথভাবে পরিশোধ করতে হবে, হাজিরা বোনাস প্রদান করতে হবে এবং কোনো শ্রমিক সাইডে কাজ করলে সাইডের বিল মাসেরটা প্রতিমাসে দিতে হবে।
এ ব্যাপারে এনার্জি প্যাক লিমিটেডের জনপ্রশাসন বিভাগের কর্মকর্তা ফারুক বলেন, করোনা কালে আমাদের শ্রমিকদের আমরা যে কত সুন্দর ভাবে রেখেছি তা তারা বুঝতে পারছে না।
শ্রমিকরা অযথা এসব করে কারখানার কাজের সমস্যা করছে। আর কিছু শ্রমিক এমন করার পর আমরা তো তাদের আবার কারখানায় কাজে ফেরার সুযোগ দিচ্ছি। এমনতো না শ্রমিকদের বেতন দেওয়া হবে না। তাদের বেতন সম্পূর্ণভাবে পরিশোধ করা হবে।
মোঃ আল মামুন খান/বার্তা বাজার/টি