মেঘ দেখলেই পালায় বিদ্যুৎ, অতিষ্ট সাধারণ মানুষ

রাজশাহীর চারঘাট উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট তীব্র আকার ধারণ করেছে। লোডশেডিং নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কখনো ঘোষণা দিয়ে, আবার কখনো ঘোষণা ছাড়াই হচ্ছে লোডশেডিং। আর আকাশে সামান্য মেঘ হলে কিংবা সামান্য বৃষ্টি হলে তো কোনো কথাই নেই- কয়েক ঘণ্টা ধরে দেখা মেলে না বিদ্যুৎ এর।

এভাবে দিনে-রাতে অন্তত সাত থেকে আট বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন উপজেলাবাসী। ‘কাঁটাখালি গ্রিড’ এর যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গত কয়েক মাস ধরে এমন অব্যবস্থাপনার শিকার হলেও কোনো প্রতিকার পাচ্ছেন না চারঘাটের বিদ্যুৎ গ্রাহকেরা। তবে গত এক সপ্তাহ ধরে এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে। বিদ্যুতের এ ভেলকিবাজি অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সমস্যার প্রতিকার চাইতে বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে ফোন করেও সেবা মিলছে না গ্রাহকদের। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে ফোনটি রিসিভ করে না কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় গত কয়েক দিন ধরে গড়ে প্রতিদিন গড়ে ৫-৬ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে নষ্ট হচ্ছে ফ্রিজ, টিভি, ফ্যানসহ বৈদ্যুতিক যন্ত্রপাতি। এ ছাড়া ‘কাঁটাখালি গ্রিড’ সমস্যার নামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখায় বাড়ছে ভোগান্তি। ফলে গ্রাহকদের মধ্যে বাড়ছে ক্ষোভ।

চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘লোডশেডিং যেন রুটিনে পরিণত হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বলে কাঁটাখালি গ্রিডে সমস্যা হয়েছে।’

নাটোর পল্লি বিদ্যুৎ সমিতি-২ এর চারঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোক্তার হোসেন বলেন, ‘গ্রাহকদের সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা দিতে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। গত দুই দিন কাঁটাখালি গ্রিডে সমস্যা থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

তাছাড়াও মাঝে মাঝে সেখানে গ্রিডে সমস্যা হয় এটা সঠিক। এই সমস্যা স্থায়ী সমাধান জন্য আজ শনিবার (৪ সেপ্টেম্বর) একটা মিটিং রয়েছে। সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।’

মোঃনবী আলম/বার্ত বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর