অবশেষে সকাল ৮টা শুরু হয়েছে সিলেট-৩ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
জেলার তিন উপজেলা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৩ আসন। এ আসনে ৩ লাখ ৫২ হাজার ভোটার রয়েছে। ১৪৯টি ভোটকেন্দ্রের সব কটি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে।
সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের হাবিবুর রহমান (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), নির্বাচনে নেমে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মুহাম্মদ মিয়া (ডাব)।
এর আগে, গত ১১ মার্চ এ আসনের আওয়ামী লীগের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের দিন নির্ধারণ করা হয় ১৪ জুলাই। পরে করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দুই সপ্তাহ পিছিয়ে ভোটের তারিখ নির্ধারণ হয় ২৮ জুলাই। কিন্তু করোনার সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় হাইকোর্টের নির্দেশনায় আরও এক দফা ভোট পেছানো হয়। ৭ সেপ্টেম্বরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা থাকায় ৪ সেপ্টেম্বর ভোটের তারিখ নির্ধারিত হয়।
বার্তা বাজার/এমকে