গণধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগ নেতা বহিষ্কার

হবিগঞ্জের লাখাই উপজেলায় গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ছাত্রলীগ নেতা সোলায়মান রনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১০টায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রনিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গত ২৫ আগস্ট এক নারী স্বামী ও তার বন্ধুর সঙ্গে স্থানীয় টিক্কাপুর হাওরে নৌকায় করে বেড়াতে যান। এ সময় সঙ্গে থাকা স্বামীসহ দু’জনকে বেঁধে ওই নারীকে দল বেধে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারীর স্বামী।

মামলার আগের রাতেই উপজেলার মোড়াকরি গ্রামের ইকবাল হোসেন ছোট্র মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগ সদস্য সোলায়মান রনি (২২), একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মিঠু মিয়া (২১) এবং রুকু মিয়ার ছেলে শুভ মিয়াকে (১৯) গ্রেফতার করে র‌্যাব ও পুলিশ।

মামলায় জড়িত বাকি ৫ আসামি হলেন- মোড়াকড়ি গ্রামের খোকন মিয়ার ছেলে মুছা মিয়া (২৬), পাতা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২), বকুল মিয়ার ছেলে সুজাত মিয়া (২৩), মিজান মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫) ও ওয়াহাব আলীর ছেলে মুছা মিয়া (২০)।

বার্তা বাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর