আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ: আহত ১১

বাগেরহাটের মোংলাতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বকুলতলা গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সোনাইলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফরিদ শেখ ও ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সোনাইলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফরিদ শেখ বলেন, ‘আব্দুল্লাহ শেখের নেতৃত্বে শতাধিক লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে শুক্রবার রাতে তার বাড়িতে ঢুকে দুইটি ঘর ভাংচুর করে। এসময় তাদের হামলায় ফজলু শেখ (৫০), আলম শেখ (৪৫), রেজাউল শেখ (৪০), ওমর আলী শেখ (৬০), সবুর শেখ (৫০), হীরা বেগম (৬০) ও কোহিনুর বেগম (৪০) আহত হন। আহতদের মধ্যে সবুর শেখ বাদে বাকী সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

অন্যদিকে, আব্দুল্লাহ শেখ বলেন, ‘আমরা ফরিদের বাড়িতে যাইনি, বরং ফরিদসহ তার লোকজন আমার লোকজনকে মারধর করে তার বাড়ির মধ্যে নিয়ে যায়। এ ঘটনায় তার লোক মোহাতার সরদার (৪০), হাসান (২৫), আব্দুল্লাহ শেখ (৩০) ও ওহিদুল শেখ (২৬) আহত হয়েছে। মোতাহার সরদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমি নিজে ওই এলাকা পরিদর্শন করে এসেছি। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর