টাঙ্গাইলে ভিমরুলের কামড়ে ২ শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের কামড়ে জুবায়ের (৮) ও নূর নবী (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোরে জুবায়েরের এবং বিকেলে নূর নবীর মৃত্যু হয়।

নিহত জুবায়ের উপজেলার বেলতলী গ্রামের জালাল উদ্দিন ও নূর নবী জসিম মিয়ার ছেলে। একই দিনে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশী আতিকুর রহমান তাহের বলেন, বৃহস্পতিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির পাশে একটি ঝোপের কাছে খেলা করছিল। এসময় ঝোপঝাড়ের মধ্যে থাকা ভিমরুল উড়ে এসে ওই দুই শিশুর গায়ে কামড় দেয়।

পরিবারের লোকজন জুবায়ের ও নূর নবীকে উদ্ধার করে স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। শুক্রবার ভোর রাতে জুবায়েরের মৃত্যু হয়। জুমার নামাজের পর জুবায়ের এর জানাজা শেষে চিকিৎসারত নুর নবীরও মৃত্যুর খবর আসে।

কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান জানান, জুমার নামাজের পর আমি একজনের জানাযায় উপস্থিত ছিলাম। এ সময় চিকিৎসারত অন্য শিশুটিরও মৃত্যুর খবর আসে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক।

হাসান সিকদার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর