পাকুন্দিয়ায় মসজিদে পুলিশের করোনা ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা
বর্তমান ভয়াবহ করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মসজিদে মসজিদে প্রতি সপ্তাহে করোনা সচেতনতামূলক বিষয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে পুলিশ।
শুক্রবার পাকুন্দিয়া থানার ওসি সারওয়ার জাহান ওই উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগা বাজার জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগেও করোনা ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা করেন এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব নির্দেশনা মানার জন্য এলাকাবাসীকে আহ্বান জানান।
এ সময় ওসি সারওয়ার জাহান বলেন, ‘সরকার লকডাউন ওঠিয়ে দিয়েছে যেনো আপনারা ব্যবসা-বাণিজ্য করে খেতে পারেন। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করবেন। নিয়মিত মাস্ক ব্যবহার করবেন।’
তিনি আরও বলেন, বর্তমানে করোনার পাশাপাশি ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। এই কয়েকদিনে ৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। এ সময় সকলকে বাড়ির আশেপাশে সব সময় পরিষ্কার রাখার আহবান জানান তিনি।
তার এ কার্যক্রম চলছে গত ৮ মাস ধরে। এরই মধ্যে তিনি অন্তত ৩০ টি মসজিদে খুতবার আগে বক্তব্য রাখেন। পাশাপাশি অন্যান্য পুলিশ সদস্যদের মাধ্যমে এলাকার ৫০টির বেশি মসজিদে এসব কর্মসূচি পালন করা হয়েছে।
বার্তা বাজার/এস.আর