এলজিইডি প্রকৌশলীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী রহমত ভুঁইয়া রানার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।
ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওটিতে রহমত ভুঁইয়া রানাকে ইয়াবা সেবন করতে দেখা গেলেও তার পাশে থাকা অপরজনের চেহারা দেখা যায়নি। যার জন্য তাকে শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে রহমত ভুঁইয়া রানার সাথে কথা হলে তিনি প্রথমে ভিডিওটি তার নয় বলে দাবি করেন । পরবর্তীতে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, শত্রুতা বশতঃ তার ভিডিওটি ভাইরাল করা হয়েছে।
এ ব্যাপারে জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শিরাজুল ইসলাম বলেন, রহমত ভুঁইয়া রানার মাদক সেবনের ভিডিওটি আমি দেখেছি। তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তবে অপরাধতো অপরাধই। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা বাজার/এসজে