জামালপুরে বকশীগঞ্জে মোবাইল চুরির অভিযোগে আবু সালেহ ময়না নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার নিলক্ষিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সালেহ আহমেদ ময়না নিলাক্ষিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও নিলাক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি।
পুলিশ সূত্র জানায়, গত ২৬ আগস্ট বকশীগঞ্জের নিলাক্ষিয়া বাজারে একটি মোবাইল ফোনের দোকান থেকে ২১টি ফোন চুরি হয়। এ চুরির ঘটনায় দোকানের মালিক ফজলু মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর অভিযান চালিয়ে দুর্গম চর থেকে নিলক্ষিয়া ইউনিয়নের পোড়াবাড়ি এলাকার অর্খ শেখের ছেলে মনু মিয়া (৪২) ও রুকন খলিফার ছেলে রবিন মিয়াকে (১৮) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮টি মোবাইলও ফোন উদ্ধার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হলে আসামিরা আদালতে মোবাইল চুরির ঘটনায় ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে তারা এই ঘটনার সঙ্গে সালেহ আহমেদ ময়না জড়িত বলে জানান। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা ও মামলার প্রাথমিক তদন্তে ওই চুরির ঘটনায় সালেহ আহমেদ ময়নার সম্পৃক্ততা পায় পুলিশ। পরে শুক্রবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বলেন, পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আসামি সালেহ আহমেদ ময়নাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসবি