নির্ধারিত এলাকায় শিল্প কারখানা হলে দ্রুত গ্যাস-বিদ্যুত সরবরাহ
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নির্ধারিত এলাকায় শিল্প-কারখানা স্থাপন করলে দ্রুততার সাথে গ্যাস- বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। বিসিক বা ইপিজেডে গ্যাস বিদ্যুৎ সংযোগ প্রদানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) ঢাকার কেরানীগঞ্জে পানগাঁও ভালভ স্টেশন হতে বিসিক শিল্পনগরী পর্যন্ত ২০ কিলোমিটার গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিসিক শিল্প এলাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ফলে শিল্পায়নসহ নতুন কর্মসংস্থানের সুযোগ হবে। গ্যাসের চাপ স্বাভাবিক থাকবে। কোভিড পরিস্থিতিতেও বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জ্বালানি ও
খনিজ সম্পদ বিভাগ ১০৪ দশমিক ২৭ শতাংশ এবং বিদ্যুৎ বিভাগ ৯৭ দশমিক ৭৪ শতাংশ
অর্জন করেছে। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখা হবে।
প্রতিমন্ত্রী এ সময় সিলেট গ্যাস ফিল্ড লিঃ এর হরিপুর ফিল্ডে খননকৃত সিলেট ৯নং কূপ হতে দৈনিক ৫০ লক্ষ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রম ঘোষণা করেন। আজ থেকেই এ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিসুর রহমান ও তিতাস গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ বক্তব্য রাখেন।
বার্তা বাজার/এসজে