ঢাকার সাভারে ঘরে ঢুকে রুমা (২৭) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় আটক একজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে আটক কামরুল হাসানকে (২৮) ৭ দিনের রিমান্ড চেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ বিচারক আশরাফ হাসান।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এসব তথ্য বার্তা বাজারকে নিশ্চিত করেন কোর্ট পরিদর্শক মেজবাহ উদ্দিন।
তিনি জানান, বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আশরাফ হাসানের আদালতে আসামি কামরুল হাসানকে তোলা হয়। শুনানি শেষে তিনি ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
জানা যায়, গ্রেফতারকৃত কামরুল ইসলাম সাভারের রাজাশন এলাকার ভোজ্য পণ্য তৈরির একটি বেকারিতে ম্যানেজার হিসাবে কাজ করছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
অপরদিকে, নিহত রুমা সাভারের ওই এলাকার মহিউদ্দিন মোল্লার মেয়ে। তার স্বামী মোবারক হোসেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। এ সুবাধে বেশিরভাগ সময় তার একমাত্র সন্তান নিয়ে তিনি বাবার বাড়িতেই থাকতেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে রুমাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। পরে তদন্ত করে মধ্য রাজাসন এলাকা থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
বার্তা বাজার/এসজে