নোবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি নুসরাত, সম্পাদক ফারহান
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মারজুকা রায়না ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২১-২২ সেশনের জন্য উক্ত কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে সভাপতি পদে নুসরাত জাহান বীথি এবং আব্দুল কবীর ফারহান সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন। তারা দু’জনে যথাক্রমে বিশ্ববিদ্যালয় ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স ২০১৭-১৮ বর্ষে এবং একই বর্ষের বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া নব মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
নতুন কমিটির সভাপতি ও সম্পাদক লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত রাখাসহ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের ঐক্যবদ্ধ করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের এই শাখার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
নতুন কমিটির সভাপতি নুসরাত জাহান বীথি তরুণ কলাম লেখক ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তরুণ লেখকদের ঐক্যবদ্ধ করে আমরা সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করব। নিজে এবং এই সংগঠনের সদস্যদের লেখালেখির মধ্য দিয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাব।
নতুন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কবীর ফারহান বলেন, সর্বোপরি যে আস্থা ও বিশ্বাস নিয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় কমিটি আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন সেটি অক্ষুণ্ণ রেখে সংগঠনের সকল কর্মসূচী বাস্তবায়ন করব। আমাদের লক্ষ্য থাকবে প্রয়োজনীয় বিষয়াবলী কলামে তুলে ধরে জাতীয় কল্যাণে ভূমিকা রাখার প্রয়াস চালিয়ে যাওয়া।
উল্লেখ্য,উক্ত নোবিপ্রবিতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের দ্বিতীয় কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহানুর ইসলামের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠন এখন দেশব্যাপী বিস্তৃত। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তরুণ শিক্ষার্থী এবং কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ লেখক ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত হয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
ফাহাদ হোসেন/বার্তা বাজার/এসজে